
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের রশিদুল (৩১), একই উপজেলার বাগদরিয়া গ্রামের মোঃ অপু মিয়া (২৭), মাদারদহ গ্রামের মোঃ ফারুক মিয়া (৩০), দিকবাড়ি গ্রামের মোঃ আনজু মিয়া (৪০) এবং বগুড়া সদর উপজেলার সরলপুর গ্রামের মোঃ খোকন মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে চন্দ্রা এলাকায় একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার চৌকস ও অভিজ্ঞ অফিসার্স ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ ।
কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




