
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪০ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। বুধবার (১৪ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর সরকারি কলেজ ও সুবর্ণ জামে মসজিদের কাছে মান্নান প্লাজা নামের একটি ভবনে হানিফ কাউন্টারের ওপরে অবস্থিত আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ২৯ জন নারী ও ১১ জন পুরুষ।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই আবাসিক হোটেলে একাধিকবার অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পরে আবারও হোটেলটি চালু করা হয়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে সেখানে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল বলেও অভিযোগ করেছেন তাঁরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আবাসিক হোটেলটিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।




