
গাজীপুরের শ্রীপুরে প্রায় ১৬ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার দিনব্যাপী উপজেলার তেলিহাটি, গাজীপুর ও মাওনা ইউনিয়নে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার থেকে আবদার লোহাই বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। এসময় গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র হঠাৎ করে পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ স্বাস্থ্য কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পান।
পর্যায়ক্রমে গাজীপুর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ধনুয়া কমিউনিটি ক্লিনিক, ডেকো গার্মেন্টস সড়ক এবং ফরিদপুর থেকে ধনুয়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য। একই ইউনিয়নে নগর হাওলা প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। পাশাপাশি মাওনা এলাকার অসহায় খাতুজান বিবির হাতে একটি নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




