
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে সিআর সাজা ওয়ারেন্ট, নিয়মিত মামলা, পূর্বের মামলা ও মোবাইল কোর্টের সাজাপ্রাপ্তসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। আদালতের রায় অনুযায়ী তাকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ, ৬ মাসের সশ্রম কারাদণ্ড, অতিরিক্ত ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বিভিন্ন নিয়মিত মামলায় ৪ জন, পূর্বের একটি মামলায় ১ জন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল কোর্টের ওই আসামির বিরুদ্ধে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা ছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কক্সবাজারের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আতিকুর রহমান জানান, উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




