
নীলফামারীর সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির এক শিশু ধর্ষণ মামলায় একই এলাকার মৃত বাছরা প্রামাণিকের ছেলে মোখছেদ আলীকে (৫৬) যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাসুদ করিম এ দন্ডের অদেশ প্রদান করেন।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এক বছরের মধ্যে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের বাসিন্দা দন্ডপ্রাপ্ত মোখছেদ আলীর বাড়ির উঠানে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী তার নাতনির সঙ্গে খেলা করছিল। এসময় পরিবারের অন্য সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন।
এ রায়ে শিশুটির বাবা দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।
তিনি আরও জানান, অর্থদন্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।




