
ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ পরীক্ষা-নিরীক্ষার জন্য দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছেছে।
শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে এই রেলওয়ে কারখানায় আসা এ রেলকোচগুলো শুক্রবার ভারত থেকে বাংলাদেশে আসে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে চার ধরনের ১৮টি কোচ।
এরমধ্যে রয়েছে ১১টি নন এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দু’টি এসি স্লিপার কোচ ও দু’টি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেলকোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে।
রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কোচগুলো খোলার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে। এজন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যান ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, রেলওয়ে কারখানায় আনা এসব কোচ এখনো খোলা হয়নি। তবে খুব শিগগিরই খুলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে, আমাদের দেশের উপযোগী কি না ? এ কাজে রেল কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরা কাজ করবেন। কোচগুলো সৈয়দপুর রেল কারখানায় যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা শেষে ট্রায়াল দেওয়ার পর ট্র্যাফিক বিভাগে হস্তান্তর করা হবে।




