
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ১ নম্বর ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার মো. সোলায়মান সরদারের পরিচালনায় তিনটি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এতে ৪৫৯ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। তাঁরা হলেন—সভাপতি মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বারীক।
সভাপতি পদে আনারস প্রতীকে মো. শামসুল আলম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ইউসুফ আহমেদ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে মো. আব্দুল বারীক ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের উন্মুক্ত মঞ্চে ভাঙ্গুড়া ইউপি বিএনপির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাবেক মেম্বার আবেদ আলীর সঞ্চালনায় দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন কাউন্সিলের উদ্বোধন করেন। সদস্যসচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। কাউন্সিলে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।




