
রবিবার কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান এর নির্দেশে উখিয়া থানা পুলিশের নিয়মিত অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে উখিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) উখিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সম্ভাব্য শান্তি-শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কার প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান এবং নিয়মিত টহলের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, উখিয়া একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী ও রোহিঙ্গা আশ্রয়শিবিরসংলগ্ন এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।




