
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
এদিকে অগ্নিকাণ্ডে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।




