
শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যারভিত্তিক দক্ষতা উন্নয়ন, ব্যবহারিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং পিপলএনটেকের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ইউএফটিবির প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
ইউএফটিবির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেল (NICC)সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেন।
ইউএফটিবির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেলের (NICC) পরিচালক মোঃ তৌকির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। পিপলএনটেকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারহানা হানিপ এবং ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।
পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটি একটি সরকার অনুমোদিত ও ISO-সার্টিফায়েড প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অ্যাকাডেমিক শিক্ষা ও তথ্যপ্রযুক্তি শিল্পের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরিতে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ঢাকায় কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে ব্যবহারিক ও ল্যাবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ৬০টিরও বেশি আইটি ও সফটওয়্যার কোর্স পরিচালনা করে।
পিপলএনটেকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো এর ডেডিকেটেড প্লেসমেন্ট সেল, যা ২০০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের Washington University of Science and Technology (WUST)-এ উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে পিপলএনটেকের।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইউএফটিবি ও পিপলএনটেকের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। এর আওতায় ইউএফটিবির শিক্ষার্থীরা পিপলএনটেকের বিশেষায়িত প্রশিক্ষণ, ব্যবহারিক ল্যাব, ইন্ডাস্ট্রি-ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডলাইন ও প্লেসমেন্ট-সংক্রান্ত সুবিধা গ্রহণের সুযোগ পাবে। এর ফলে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার শিল্পের বাস্তব চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারবে।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; তাদের শিল্প ও কর্মবাজারের বাস্তব চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। ইউএফটিবি একটি প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে একাডেমিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং শিল্পের প্রয়োজনীয়তার মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্ব দিচ্ছে। পিপলএনটেকের সঙ্গে এই সমঝোতা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




