
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি উপাচার্য পুনর্বহালের দাবিতে চলছে গণস্বাক্ষর কর্মসূচি।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। তাকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এর আগে মঙ্গলবার উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন তারা। পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।




