
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত নাকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সার, কীটনাশক, বীজ, মুদিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকা দামের এক বস্তা ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।
এ ছাড়া বেশি দামে সার বিক্রির কোনো ভাউচার দেওয়া হচ্ছিল না এবং বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হয়নি। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ড্যামেজ পণ্য প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির প্রমাণও পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অফিস, মাগুরার আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




