
মানিকগঞ্জের সিংগাইরে দুটি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সড়ক দুটির পাকাকরণ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে সিংগাইর উপজেলার গোবিন্দল উপজেলা সড়ক হতে বলধারা ইউপি অফিস ভায়া জৈইল্যা পর্যন্ত আড়াই কিলোমিটার ও ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে গোবিন্দল হতে ধাইরা পাড়া পর্যন্ত এক কিলোমিটার দৈর্ঘ্যের দুটি গ্রামীণ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। সম্প্রতি সড়ক দুটি পাকাকরণ কাজের টেন্ডার বা দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়।
বুধবার বিকেলে ৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে সড়ক দুইটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর করে আনুষ্ঠানিক ভাবে করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।
এসময় জেলা নির্বাহী প্রকৌশলী মো: জামাল উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা প্রকৌশলী মো: গোলাম সামদানী, উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন সন্ধায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষ্যে সদর ইউনিয়নের ভোর বাজার এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নে বর্তমান সরকারের অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এলাকার কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হয়। এই সড়ক দুটি নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য খলিলুর রহমান।
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মো: রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন মো: উজ্জল হোসেন, হাবিব আসাদ, সাদিকুর রহমান, শরিফ দেওয়ান ও মুসলেমউদ্দীন পোদ্দার প্রমূখ।
এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম শফিক, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক দীন ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মুন্নাসহ উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সড়ক দুটির পাকাকরণের কাজ সম্পন্ন হলে উপজেলার চারিগ্রাম, বলধারা ও সদর ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।




