
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার মাধ্যমে এ খাতের প্রতি গুরুত্বের বিষয়টি তুলে ধরেছেন। তাই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানও নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচি চলাকালে মন্ত্রী উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির খোঁজখবর নেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী পুকাশ উচ্চ বিদ্যালয়ে একতলা ভবন এবং গুরুকচি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন, একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন এবং কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন।
গোয়াইনঘাট সরকারি কলেজের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কলেজে ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতি ও অংশগ্রহণ দেখে তিনি অভিভূত। একই সঙ্গে তিনি ছেলেদেরও পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভালো ফল করার আহ্বান জানান।
কলেজের নবনির্মিত আইসিটি ল্যাবের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা আইসিটি শিক্ষায় আরও আগ্রহী হলে প্রয়োজন অনুযায়ী স্মার্ট আইটি ল্যাবটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ছাত্রীদের জন্য একটি হোস্টেল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




