
রাজবাড়ীর কালুখালীতে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
নিহতের পরিবারের বরাতে সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, ‘নজরুল ইসলামের ছোট মেয়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু বেগম, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে নজরুলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় ইট ও লাঠি দিয়ে মারধর করা হলে ঘটনাস্থলেই নজরুল মারা যান।’
এ ঘটনায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় গোলাপী বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।




