
গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মোঃ রানা (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গীর গাজীপুরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর (২ নম্বর ব্লক) এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫ টার দিকে গাজীপুরা পশ্চিম পাড়ার জনৈক মোঃ হানিফের বাড়িতে রানা প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে ওই বাড়ির ম্যানেজার এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ভাড়াটিয়া মিলে তাকে বেধড়ক মারধর ও পিটিয়ে হত্যা করে।
ঘটনাটি ধামাচাপা দিতে সকাল সাড়ে ১১টার দিকে পাশের মেধাবিকাশ স্কুল সংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে নিহত রানার লাশ ফেলে রেখে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।




