
গ্রামীণ অর্থনীতি সচল করা, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আয় বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে কর্মক্ষম করে তুলতে সরকার বিভিন্নমুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বকনা গরু ও অন্যান্য সহায়তাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “গ্রামে বসবাসকারী এবং বস্তিবাসী—অবহেলিত এসব মানুষকে কর্মক্ষম করা, তাঁদের কর্মসংস্থান তৈরি করা ও আয় বাড়ানোর লক্ষ্যে সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে।” এর অংশ হিসেবে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের কথা তুলে ধরেন।
আব্দুল বারী আরও জানান, সমাজসেবা ও সমাজকর্ম বিভাগের মাধ্যমে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে। ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি যাঁরা এখনো এসব সুবিধার আওতায় আসেননি, তাঁদেরও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সহায়তার তথ্য তুলে ধরে তিনি জানান, কালাই উপজেলায় মোট ৩৭৫ জন ব্যক্তি বিভিন্ন সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে প্রথম দফায় ১১৫ জনকে একটি করে বকনা গরু দেওয়া হচ্ছে। এ ছাড়া সেলাই মেশিন, হুইলচেয়ার, ৫০টি করে মুরগি ও মুরগির ঘর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মুদি দোকানের আয়োজনের মাধ্যমে স্বাবলম্বী করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিতরণ করা গরুগুলোর চিকিৎসা ও টিকাদানের জন্য উপজেলার চারটি কেন্দ্র সার্বক্ষণিক কাজ করবে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক ও দেশীয় পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই রয়েছে; যার কারণে দাম বাড়াতে হয়েছে। তবে দেশে বর্তমানে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং জয়পুরহাট জেলায় সরকারি গোডাউনের বাইরেও অতিরিক্ত চার হাজার মেট্রিক টন সার বরাদ্দ রাখা হয়েছে।
দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশে খাদ্যের কোনো সংকট নেই। কৃষকরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্য ও যথাযথ মূল্য পেয়েছেন।” তিনি জানান, অভ্যন্তরীণভাবে সরকার প্রায় সাড়ে পাঁচ লাখ টন ধান ও ১৩ লাখ ২০ হাজার টন চাল সফলভাবে সংগ্রহ করেছে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টাকার মান বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার মধ্য দিয়ে দেশের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।”
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
সমাজসেবা অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিসের (এসডিএস) যৌথ বাস্তবায়নে ‘আয়বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই বকনা গরু বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএসের সাবেক অতিরিক্ত সচিব ও উপদেষ্টা এ কে এম মাসুদুজ্জামান, নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুনিরুজ্জামান।



