
শেরপুরের শ্রীবরদী উপজেলার ডমুরতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় জনসন বেবি সাবান ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।
পরে ঘটনাস্থল থেকে ভারতীয় জনসন বেবি সাবানগুলো জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।




