
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিদেশি পিস্তল, গুলির খোসা ও ম্যাগাজিনসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন রাজাপুর গ্রামের দেলবার প্রামাণিকের ছেলে জেলহক (৫২) ও তাঁর ছেলে নাসির (২৮)।
পুলিশ জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে—৯৯৯ নম্বরে এমন একটি ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়। এ সময় জেলহক ও তাঁর ছেলে নাসিরকে আটক করা হয়।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম। তিনি বলেন, আটক দুজন সম্পর্কে বাবা-ছেলে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




