
‘ডোন্ট মিস আ বিট’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রতিষ্ঠানটি এর আগেও বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচিতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
র্যালিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে হৃদ্রোগ প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোঃ সাইফুল ইসলাম, ডা. কামরুল হুদা মোহাম্মদ সোহেল, ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ডা. মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, হৃদ্রোগ অনেক সময় নীরবে শরীরে বাসা বাঁধে। বুকব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, বুক ধড়ফড়, মাথা ঘোরা কিংবা সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠার মতো লক্ষণকে অবহেলা করা উচিত নয়। সময়মতো এসব সতর্ক সংকেত শনাক্ত করে চিকিৎসকের পরামর্শ নেওয়া গেলে জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব।
তারা আরও বলেন, হৃদ্রোগ প্রতিরোধে নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান ও তামাক বর্জনের বিকল্প নেই। পাশাপাশি হৃদ্রোগের ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, হৃদ্যন্ত্রের প্রতিটি স্পন্দনই জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই শরীরের ছোট কোনো পরিবর্তনকেও অবহেলা না করে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনাচারের মাধ্যমে হৃদ্যন্ত্রের যত্ন নেওয়া প্রয়োজন। বিশ্ব হার্ট দিবসের লক্ষ্য হওয়া উচিত শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং হৃদ্স্বাস্থ্য রক্ষায় সারা বছরের সচেতনতা গড়ে তোলা।




