
নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযানে দুই ছেলেসহ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকাভুক্ত আসামী।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম ভম্বুর স্ত্রী তানিয়া আক্তার সূর্য এবং তাঁর দুই ছেলে সম্রাট হোসেন ও শান্ত ইসলাম।
থানা পুলিশ জানায়, ভম্বুর পরিবার ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে ১৩টি মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম ভম্বু পালিয়ে যান।
স্থানীয়রা জানান, ভুম্বু ও তার পরিবারের সদস্যরা গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে এসে পুরোনো মাদক ব্যবসায় করেন। মাদক ছাড়াও এলাকায় বিভিন্ন অপকর্মের করে থাকেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের দায় স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘শহিদুল ইসলাম ভম্বু ও তাঁর পরিবার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের প্রত্যেকের নামে ডজন ডজন মামলা রয়েছে।’ গ্রেপ্তার ভম্বুর স্ত্রী ও দুই ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।




