
রাঙামাটির রাজস্থলীতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৭২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলার ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ের জন্য বরাদ্দকৃত মাছের পোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, জিকু কুমার দে, চাথোয়াই মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, বিএনপির সহসভাপতি ছকির আহম্মদ, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, মৎস্য বিভাগের মাঠ কর্মকর্তা চিংনুমং মারমাসহ সংশ্লিষ্টরা।
রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ পোনা অবমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
রাজস্থলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ১৭২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।




