
নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন'-এর শতাধিক কর্মী প্রায় দুই দশক ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় আটকে থাকা খাল পরিষ্কার করেছেন।
এ কর্মসূচি উদ্বোধনের পূর্বে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ শেষে স্বেচ্ছাসেবকরা লাইফ জ্যাকেট, গ্লাভস ও সরঞ্জাম নিয়ে সরাসরি খালে নেমে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, "পরিচ্ছন্নতা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অংশ। ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিভিন্ন ছোঁয়াচে রোগ থেকে শিশুদের রক্ষা করতে এবং আগামী প্রজন্মের সুস্থ জীবনের জন্যই এই উদ্যোগ।" নাগরিক দায়িত্বের প্রতি জোর দিয়ে তিনি আরো বলেন, কেবল সরকারের পক্ষে একা দেশ উন্নত করা সম্ভব নয়; প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে।এমন বাংলাদেশ গড়ে তুলি যাতে আগামী প্রজন্ম একটা মানবিক বাংলাদেশ পায়।




