
নেত্রকোনার দুর্গাপুরে রুপসী বাংলা (আইপি) টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সাজিদুল ইসলাম অপূর্ব (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অপূর্বকে আটকের সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ। আটককৃত অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে।
ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অপূর্বকে আটক করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের চিহ্নিত করতে ও গ্রেফতার এ পুলিশের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, আটককৃত অপূর্ব এর আগে এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। ওই মামলায় আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী ও দিয়েছিলেন তিনি।




