“ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু নাছের। প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. চাইহলা থোয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন টুক্কু, হেডম্যান থোয়াইম্যাচিং মার্মাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারী ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে ভুয়া তথ্য, গুজব ও তথ্য বিভ্রান্তি সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে তথ্যের সঠিকতা যাচাই, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিকত্ব গড়ে তোলা জরুরি।
তারা আরও বলেন, তথ্য অধিকার নিশ্চিত হলে নাগরিকদের ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আয়োজকরা বলেন, তথ্য অধিকার শুধু একটি আইন নয়; এটি গণতন্ত্র ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সঠিক তথ্য, সচেতন নাগরিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্য সামনে রেখে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এর আগে ইউনিয়ন পরিষদ থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন।




