
বৃহস্পতিবার (১ অক্টাবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বর্ষণের কারণে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসদর বাজারের অলিতে গলিতে সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। দীর্ঘ সময় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দোকানীরা দোকান খুলতে পারেনি।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারের কাঁচাবাজার পট্টি, সুবেদ আলী মার্কেট সহ বিভিন্ন গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোন কোন দোকানে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। ফলে দোকানীরা দোকান খুলতে পারছে না।
এমতাবস্থায় বেচা বিক্রি না হওয়ায় দোকানীরা লোকসানের মুখে পড়েছেন।
বৃষ্টির কারণে রাস্তাঘাটে লোক ও যানবাহন চলাচল কম। বাজারের উপর দিয়ে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেনগুলো ময়লায় পরিপূর্ণ থাকার কারণে বৃষ্টির পানি অপসারণ করা সম্ভব হচ্ছে না। বাজারে নিযুক্ত পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত প্রতি দোকান থেকে টাকা তুলে নিলেও তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না বলে দোকানদারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
দোকান মালিকেরা জানান, পৌরসভা থেকে পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে ঠিকমতো ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করালে বৃষ্টিতে বাজারে এ জলাবদ্ধতা হত না।
এ ব্যাপারে আড়াই হাজার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের সাথে সাক্ষাত করার চেষ্টা করা হলে তিনি অফিসিয়াল কাজে অফিসের বাইরে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।




