
চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রেস ক্লাবের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে একটি খসড়া রূপরেখা প্রণয়ন করা হয়। একই সঙ্গে চন্দনাইশ উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক দুর্ভোগ ও স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলেও মত দেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ মুবিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ওমর ফারুক, তথ্য ও যোগাযোগ সম্পাদক আনোয়ার আবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন নিরব, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দীন এবং কার্যকরী সদস্য রূপন দত্ত ও ওসমান চৌধুরী।
সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়ের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
পরে উপজেলার বাগিচাহাটস্থ কে,আর ওরশ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট’-এ প্রেস ক্লাবের সদস্যরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ভোজে অংশ নেন। পেশাগত ব্যস্ততার মধ্যেও সহকর্মীদের নিয়ে এ আয়োজন সাংবাদিকদের মধ্যে আনন্দঘন ও আন্তরিক পরিবেশের সৃষ্টি করে।




