
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় ভোলা থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রধান উপদেষ্টা নাজীম উদ্দীন আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার বিকেলে ঢাকায় তাঁর নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম রেজা বাবুর নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর, ঢাকা জেলা, আশুলিয়া থানা ও গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরাও তাকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের গাজীপুর মহানগর কমিটির সভাপতি মো. মিলন, আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. নূর হোসেন ভূইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম রেজা বাবু বলেন, “নাজীম উদ্দীন আলমের মতো একজন অভিজ্ঞ, দক্ষ ও শ্রমিকবান্ধব নেতার বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়া পরিবহন শ্রমিকদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।
আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে পরিবহন শ্রমিকদের অধিকার, ন্যায্য দাবি ও সার্বিক কল্যাণে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা পালন করবে। শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং তাদের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমরা আশাবাদী। তাঁর এই নতুন দায়িত্ব পালনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
এ সময় নেতৃবৃন্দ নাজীম উদ্দীন আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।




