
“শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়নে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম এম সরাফত হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি সম্মান ও তাদের অবদানের স্বীকৃতি জানানোর পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, একটি দেশের জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
বিশ্ব শিক্ষক দিবস পালনের পটভূমি তুলে ধরে বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের মর্যাদা ও পেশাগত অধিকার সংক্রান্ত ঐতিহাসিক সুপারিশমালা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে।
ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, এবারের দিবসটি শিক্ষকদের পেশাগত অবস্থান আরও শক্তিশালী করা, তাদের মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকতার গুরুত্ব নতুন করে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে।




