
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা দিনেশ মন্ডল, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব বদরুজ্জামান ইজাজ, গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিহির বিশ্বাস, মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মনোরঞ্জন বিশ্বাস এবং উজানী ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্থানীয় পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, এ বছর মুকসুদপুর উপজেলায় মোট ৩১৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হবে।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। তাই ধর্মীয় উৎসবের আনন্দ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে জন্য প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে সংশ্লিষ্ট সবাই মিলে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মুকসুদপুরে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।




