
চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা এনামুল হক।
প্রধান শিক্ষক উৎপল চৌধুরী ও বিজয়ানন্দ বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোহাম্মদ জাকের হোসাইন, প্রধান শিক্ষক দিদারুল ইসলাম, মাদরাসা সুপার মোজাহেরুল কাদের, বিষ্ণুযশা চক্রবর্তীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, শিক্ষকতা শুধু একটি সাধারণ পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁরা কোমলমতি শিশুদের সুন্দরের ও আলোর পথে পরিচালিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের সব শিক্ষককে সম্মান জানানো মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের অবশ্য পালনীয় কর্তব্য।
সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




