
নীলফামারীর সৈয়দপুরে প্লাজা সুপার মার্কেটের ২টি দোকানে প্রকাশ্যে দিনেরবেলা চুরি করে নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার ক্ষতিপূরণসহ মার্কেটের নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেন প্লাজা সুপার মার্কেটের দোকান মালিকরা।
পরে পুলিশ প্রশাসন ও সৈয়দপুর ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে প্লাজা মার্কেটের কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়।
প্লাজা সুপার মার্কেটের দোকান মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে প্লাজা সুপার মার্কেটের সামনের শেরেবাংলা সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন বিভিন্ন যানের সাধারণ যাত্রী ও পথচারীরা।
এসময় ব্যবসায়ীরা জানান, ১৫ সেপ্টেম্বর সৈয়দপুর শহরের ব্যস্ততম সুপারমার্কেট সৈয়দপুর প্লাজা মার্কেটে সকাল সাড়ে ৮টার দিকে তালা কেটে বিদ্যূৎ জুয়েলার্স নামে একটি স্বর্ণালংকারের দোকানের নগদ টাকা ও রুপার অলংকারসহ প্রায় ৩৫-৪০লাখ টাকার মালামাল এবং সেল পয়েন্ট নামে ইনফিনিক্স ব্রান্ডের মোবাইল ফোনের দোকানের ইনফিনিক্স ব্রান্ডের ৮৫টিরও অধিক মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। যাকে ব্যবসায়ীরা বলছেন এটা চুরি নয় দিনেরবেলা ডাকাতি। এর প্রতিবাদে বেশ কিছুদিন থেকে প্লাজা মার্কেটের দোকান মালিকরা চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ ও চুরি যাওয়া মালামালের ক্ষতিপূরণ দাবি করে আন্দালনও করে আসছেন। কিন্তু, এর কোনো প্রতিকার পাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা এ সড়ক অবরোধ কর্মসূচীতে নামেন। এসময় তারা জানান, দাবি আদায় না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।




