
চট্টগ্রামের চন্দনাইশে ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পযর্ন্ত উপজেলার গাছবাড়িয়া কলেজগেইট বাজার ও খাঁনহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৭টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে গাছবাড়িয়া কলেজগেইট বাজার ও খানহাট বাজারের ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে দখল করে রাখা বিভিন্ন স্থাপনা ও মালামাল সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ফুটপাত দখল না করে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
এ সময় চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, বাজার সমিতির নেতৃবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।




