
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে খুলনার ডুমুরিয়ায় সুধী সমাবেশ ও উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ডুমুরিয়া থানা চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, "ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সকলের সহযোগিতায় দুর্গাপূজা উদযাপন করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।"
মতবিনিময় সভায় বক্তারা পূজার দিনগুলোতে সড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, বড় ধরনের মোটরসাইকেল শোডাউন ও বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, মণ্ডপ ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা জোরদার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সকলের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়।
সভায় আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিত্যানন্দ মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী, ওসি (তদন্ত) প্রকাশ বোস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি অরুণ গোলদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি রমেন রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শিবপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক নিলুৎপল রায় নিলয়সহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সুধীজন।




