
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহারের অপরাধে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) চন্দনাইশ পৌরসভা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান।
অভিযানকালে পৌরসভা বাজারে অবস্থিত শাহজালাল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১৬ হাজার টাকা মূল্যের ক্ষতিকর অ্যামোনিয়া, নিষিদ্ধ রং ও ফ্লেভার জব্দ করা হয়।
এ ছাড়া আবাসিক বৈদ্যুতিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে চন্দনাইশ বাজারের সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারি অভিযানে সহযোগিতা করে।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তা অধিকার রক্ষা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।




