
ডুমুরিয়ায় চার বছর বয়সী এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহাঙ্গীর জোয়ার্দার (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার কোমলপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জলিল জোয়ার্দারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিশুটি তার বড় চাচার সঙ্গে বাড়ির পাশের একটি চায়ের দোকানে যায়। এ সময় শিশুটিকে খাবার দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে পাশের একটি বাঁশবাগানে নিয়ে
ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। একপর্যায়ে শিশুর চিৎকারে লোকজন ছুটে আসতে পারে—এমন আশঙ্কায় অভিযুক্ত তাকে ফেলে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় ১০ অক্টোবর ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় ১২ নম্বর মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রেকর্ড করা হয়েছে।
জবানবন্দি রেকর্ড করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আজম।




