
ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে এক নারী কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে অসুস্থ বোধ করলে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাজল রেখাকে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, কাজল রেখা নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। তিনি একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।
নলছিটির মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
এ বিষয়ে ঝালকাঠি জেল সুপার মো. বিকাশ রায়হান বলেন, দীর্ঘদিন মাদক গ্রহণের অভ্যাস থাকলে তা বন্ধ করার পর কিছু ক্ষেত্রে মাদক প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে। কাজল রেখার অসুস্থতার সময় এ ধরনের উপসর্গ দেখা গিয়েছিল বলে মনে হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।




