
ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, তাঁর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহার এবং ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহজাহান, নবম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন নেছা এবং দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ও তিথি।
বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খান প্রায় এক মাস আগে বিদ্যালয়ে যোগদানের পর বিভিন্ন অনিয়ম দূর করতে উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষক তাঁকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে বেনামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগও দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার উদ্যোগকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষককে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্য করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহারের দাবি জানান তাঁরা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।



