
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আহত বাবা বর্তমানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
স্থানীয়রা জানান, ওই ওয়ার্ডের ডগির বাপের বাড়ির বাসিন্দা ৭৫ বছর বয়সী আনারুল্লাহ ও তার স্ত্রীকে তাদের আপন ছেলে ফারুক দীর্ঘদিন ধরে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। সম্প্রতি লিখে দিতে অস্বীকার করায় ফারুক বাবা-মায়ের উপর হামলা করেন। এতে বাবা আনারুল্লাহর মাথা ফেটে এবং হাত ভেঙে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এলাকাবাসীর অভিযোগ, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও ফারুক বাবা-মাকে ৩-৪ বার মারধর করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
আহত আনারুল্লাহ হাসপাতালের বিছানা থেকে কমলনগর উপজেলা প্রসাশনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের আকুল আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে তার ছেলে অভিযুক্ত ফারুককে বার বার ফোন দেওয়ার পরেও কোনো উত্তর পাওয়া যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল আলম জানান এখন পযন্ত তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




