ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

  ১৯ অক্টোবর ২০২৬, ২১:১৬ পিএম

বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণ এবং সুশাসন নিশ্চিত করতে তৈরি পোশাকশিল্পের জন্য ‘ইএসজি প্ল্যাটফর্ম’ চালু করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ পর্যন্ত ৩২৬টি কারখানা এই প্ল্যাটফর্মে তথ্য দিয়েছে। শিল্পের স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিগগিরই সদস্য কারখানাগুলোর জন্য প্ল্যাটফর্মে তথ্য দেওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। সোমবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে ‘ইএসজি প্ল্যাটফর্ম’ বা ইএসজি ড্যাশবোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
ইএসজি বলতে পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত মানদণ্ডকে বোঝায়। বৈশ্বিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা, পরিবেশবান্ধব উৎপাদন এবং দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্ব বাড়তে থাকায় পোশাকশিল্পে এসব মানদণ্ড পূরণ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্ববাজারের পরিবর্তিত চাহিদা ও টেকসই পোশাকশিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কারখানাগুলোকে আরও বেশি কমপ্লায়েন্ট ও তথ্যসমৃদ্ধ হতে হবে। বিজিএমইএর উদ্যোগে চালু হওয়া এই প্ল্যাটফর্ম সদস্য কারখানাগুলোর পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত কার্যক্রম মূল্যায়ন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এ পর্যন্ত ৩২৬টি কারখানা প্ল্যাটফর্মে তথ্য দিয়েছে, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। শিল্পের সার্বিক স্বার্থে শিগগিরই সদস্য কারখানাগুলোর জন্য তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হবে। প্রয়োজনে এ উদ্যোগ বাস্তবায়নে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে কাজ করবে।
জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গত আট মাসে সরকার জ্বালানি খাতে ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে। আগের সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি। উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতির চাপ এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের অভাব—এই তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে। উৎপাদন খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি, করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ আহরণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে সক্ষম ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, ২০২৯ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জোরালো সম্ভাবনা রয়েছে। ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দারিদ্র্য উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে। বাংলাদেশ নিজস্ব উন্নয়ন পরিকল্পনা ও সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, উন্নয়ন সহযোগীরাও এ অগ্রগতি প্রত্যক্ষ করছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কমপ্লায়েন্স থেকে টেকসই উন্নয়নে জোর
বিজিএমইএর পরিচালক ও ইএসজি প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা শেখ হোসাইন মোহাম্মদ মুস্তাফিজ বলেন, ২০১৯ সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য তৈরি পোশাকশিল্পকে শুধু কমপ্লায়েন্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা। ৩২৬টি কারখানার তথ্য নিয়ে তৈরি প্ল্যাটফর্মটি শিল্পের স্বচ্ছতা বাড়ানো এবং টেকসই উন্নয়নের অগ্রগতি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন জানান। তিনি এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ঐক্য, পুনর্গঠন ও উত্তরণপ্রক্রিয়ার ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে জুলাই চার্টার বাস্তবায়নের মাধ্যমে কার্যকর সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পোশাকশিল্প। টেকসই উন্নয়নের স্বার্থে প্রচলিত কমপ্লায়েন্স ব্যবস্থার গণ্ডি পেরিয়ে সাসটেইনেবিলিটির দিকে এগোনো এখন সময়ের দাবি।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী রপ্তানিভিত্তি অপরিহার্য। ইএসজি-সংক্রান্ত তথ্যকে কার্যকর সিদ্ধান্ত ও উদ্যোগে রূপান্তর করা গেলে দীর্ঘমেয়াদে শিল্পের সাফল্য অর্জন সহজ হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণা পরিচালক অধ্যাপক মুন্সি সোলায়মান বিজিএমইএর সব সদস্য কারখানাকে এই প্ল্যাটফর্মের আওতায় আনার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক নাফিস উদ দৌলা এবং সংগঠনটির অন্যান্য নেতারা। বিজিএমইএর উদ্যোগে চালু হওয়া প্ল্যাটফর্মটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশে ডেনমার্ক দূতাবাস। কারিগরি সহযোগিতা দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি)।

যে কারণে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক চিঠিতে সংশ্লিষ্ট দুই ব্যাংকের পরিচালনা পর্ষদকে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি জানিয়ে চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে হবে। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি জানিয়ে চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে হবে। একইভাবে জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। তার ক্ষেত্রেও ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের বিধান অনুযায়ী নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সরকারের দেওয়া সুপারিশ ও সম্মতির আলোকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় এ ধরনের পরিবর্তন ব্যাংক খাতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খেলাপি ঋণ, ঋণ আদায়, মূলধন ঘাটতি, তারল্য ব্যবস্থাপনা ও সুশাসন নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে দুই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ কেন বাতিল করা হচ্ছে, চিঠিতে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী বিধিগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
মশিউর অর্ণব
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণেরত্ত আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলনকক্ষে বাংলাদেশের এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ইআরএফ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। উত্তরণ পেছানোর প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ধাপ বাংলাদেশ পার করেছে। এরপর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) তিন বছর সময় বাড়ানোর কথা বলা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট পক্ষগুলোও বাংলাদেশের বাড়তি সময় পাওয়ার বিষয়ে একমত হয়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমি খুবই আশাবাদী, সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে আমরা জিনিসটার একটা নিষ্পত্তি দেখব।’ আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা করেন তিনি। তিন বছর সময় চাওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রস্তুতি ছিল না। অর্থনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জের চেয়ে উত্তরণকে রাজনৈতিকভাবে মহিমান্বিত করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, উত্তরণের সুবিধা কাজে লাগানো এবং সম্ভাব্য অসুবিধা মোকাবিলার সক্ষমতা তৈরিতে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। বাড়তি সময় পাওয়া গেলে তা কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে সময়বদ্ধ কর্মপরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভাগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য ও সেবার প্রবেশাধিকার ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগের কথা তুলে ধরেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে আট থেকে দশটি দেশের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) বা মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইইউর সঙ্গে এফটিএ আলোচনার জন্য প্রধান আলোচক নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথম দফার কারিগরি আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। তবে দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। তাঁর লক্ষ্য, বাংলাদেশের উত্তরণের আগেই আলোচনা শেষ করা। ইইউর বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার প্রস্তুতিও একই সঙ্গে চলবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তবে আশা করি জিএসপি প্লাসের অপশনটা আমাদের নিতে হবে না, তার আগেই আমরা এফটিএটা কমপ্লিট করব।’ আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসেপ) যোগ দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে। এখন প্রক্রিয়াগত কাজ এগোচ্ছে। বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি, সহজ ব্যবসায়িক প্রক্রিয়া এবং বিরোধের স্বচ্ছ আইনি সমাধান প্রয়োজন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে উৎপাদিত পণ্য বিক্রির জন্য মানুষের ক্রয়ক্ষমতা এবং রপ্তানির জন্য বিদেশি বাজারে প্রবেশাধিকার—দুটিই নিশ্চিত করতে হবে। ব্যবসা শুরুর দীর্ঘসূত্রতার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব ও প্রাথমিক ছাড়পত্র নেওয়ার পর আমদানি নিবন্ধন সনদ সংগ্রহ করে যন্ত্রপাতির ঋণপত্র খোলা পর্যন্ত গড়ে ৩৫৫ দিন লেগে যায়। এত সময় ব্যয় হলে উদ্যোক্তার উদ্যম ধরে রাখা কঠিন। এ পরিস্থিতি বদলাতে একক অনলাইন পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা ও ফি পরিশোধ করে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে লাইসেন্স নেওয়া যাবে। সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে ফি পৌঁছে যাবে স্বয়ংক্রিয়ভাবে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) সেবা পুরোপুরি অনলাইনে আনা এবং বিভিন্ন লাইসেন্সের মেয়াদ তিন থেকে পাঁচ বছর করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। বিভিন্ন সংস্থার পৃথক পরিদর্শনের বদলে সমন্বিত পরিদর্শন চালুর কথাও বলেন তিনি। খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রত্যাশা, এসব সংস্কারের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে লাইসেন্স ও অনুমতির জন্য উদ্যোক্তাদের দীর্ঘ সময় ব্যয়ের পরিস্থিতি থেকে বের করা সম্ভব হবে। জ্বালানিসংকটকে নতুন বিনিয়োগের বড় বাধা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহ বাড়াতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন ও গ্যাসকূপ খননে কাজ চলছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতেও সরকার পদক্ষেপ নিচ্ছে। এলএনজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুতব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক সরবরাহে অনিশ্চয়তা দেখা দিলে বাংলাদেশ চাপে পড়ে বলে মন্তব্য করেন তিনি। এ জন্য কৌশলগত মজুত ও সংরক্ষণসক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো, ব্যবসা সহজ করা এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার তৈরির সমন্বিত লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। সেমিনারে সভাপতিত্ব করেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোস্তফা আবিদ খান। ইআরএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য এসএসএম মঈনুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
মশিউর অর্ণব
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেভাবে করবেন আবেদন
তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচিতে আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির আওতায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করে ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪টি উপজেলায় আবেদন নেওয়া হয়। সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন পড়েছে নেত্রকোণায়। এ উদ্যোগের লক্ষ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানো। কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসা করার পরিকল্পনা বা ভালো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়। কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। তবে আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না। আবেদন করবেন যেভাবে ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফশিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টালে www.bb.org.bd/smespd_portal।
মশিউর অর্ণব
পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, দেখুন
নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে বলা হয়েছে, নতুন বেতনকাঠামোর বাইরে থাকা যেসব ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে দেওয়া হয়, সেগুলো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ করা হবে। সোমবার (১৯ অক্টোবর) অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত থেকে মূল বেতনের শতাংশের ভিত্তিতে প্রচলিত বিভিন্ন ভাতা পেয়ে থাকেন, পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত তাঁদের ওই ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও প্রদান করতে হবে। নতুন পে-স্কেলের বকেয়া বেতন ক্যালকুলেটরে হিসাব করবেন যেভাবে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার পর ২০২৬ সালের ১ জুলাই থেকে সম্ভাব্য বকেয়া বেতনের পরিমাণ জানতে আগ্রহী সরকারি চাকরিজীবীরা। তাঁদের হিসাব সহজ করতে তৈরি করা হয়েছে একটি এইচটিএমএলভিত্তিক ক্যালকুলেটর। এতে গ্রেড ও মূল বেতনের প্রয়োজনীয় তথ্য দিলে নতুন মূল বেতন, বিশেষ সুবিধা, বাড়িভাড়া ভাতার সমন্বয় এবং তিন মাসের সম্ভাব্য বকেয়ার হিসাব দেখা যায়। তবে ক্যালকুলেটরে দেওয়া সব গ্রেডের বেতনধাপের নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই হিসাবের যথার্থতা যাচাই করতে ক্যালকুলেটরের ‘স্কেল টেবিল’ অংশের তথ্য এসআরও নং ৩৪৭-আইন/২০২৬-এর মূল গেজেটের সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি। পাশাপাশি সংশ্লিষ্ট বেতন স্লিপ অনুযায়ী বাড়িভাড়া ভাতার হারও যাচাই করতে হবে। ক্যালকুলেটরটি সরকারি বেতন নির্ধারণের কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নয়। এটি কেবল সম্ভাব্য হিসাব করার সহায়ক উপকরণ। বেতনের চূড়ান্ত হিসাব আইবাস++ ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হবে। ব্যক্তিগত তথ্য যেভাবে দেবেন ক্যালকুলেটরে নিজের নাম, পদবি এবং অফিস বা প্রতিষ্ঠানের নাম লেখা যাবে। এসব তথ্য তৈরি হওয়া হিসাবের বিবরণীর শুরুতে দেখানো হবে। তবে ঘরগুলো ফাঁকা রেখেও হিসাব করা যাবে। বেতনসংক্রান্ত তথ্য পূরণের নিয়ম গ্রেড: ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন যে গ্রেডে কর্মরত ছিলেন, সেটি নির্বাচন করতে হবে। ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন: বেতন স্লিপ অনুযায়ী মূল বেতনের অঙ্ক নির্বাচন করতে হবে। তালিকায় তা না থাকলে বিকল্প ঘরে অঙ্কটি লিখতে হবে। ১ জুলাই ২০২৬ তারিখে গৃহীত মূল বেতন: জুলাই মাসে বার্ষিক বেতনবৃদ্ধিসহ পুরোনো বেতনকাঠামো অনুযায়ী যে মূল বেতন পেয়েছেন, তা উল্লেখ করতে হবে। কর্মস্থল: বাড়িভাড়া ভাতার হার নির্ধারণের জন্য কর্মস্থল নির্বাচন করতে হবে। এতে সংশ্লিষ্ট হার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। প্রয়োজনে বেতন স্লিপের সঙ্গে মিলিয়ে হার সংশোধন করা যাবে। বকেয়ার মাস: প্রাথমিকভাবে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের হিসাব নির্ধারিত থাকবে। প্রয়োজন অনুযায়ী এক থেকে ছয় মাস পর্যন্ত সময় নির্বাচন করা যাবে। বার্ষিক বেতনবৃদ্ধি: ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত চাকরির মেয়াদ ছয় মাস পূর্ণ না হলে সংশ্লিষ্ট টিকচিহ্নটি তুলে দিতে হবে। ঐচ্ছিক তথ্য যুক্ত করার পদ্ধতি বেতন স্লিপে উল্লেখিত বাড়িভাড়া বা বিশেষ সুবিধার পরিমাণ ক্যালকুলেটরের হিসাবের সঙ্গে না মিললে প্রকৃত অঙ্কটি নির্দিষ্ট ঘরে দেওয়া যাবে। একইভাবে, আইবাস++ বা সরকারি গেজেট থেকে নতুন মূল বেতন জানা থাকলে সেটিও যুক্ত করা সম্ভব। সে ক্ষেত্রে ক্যালকুলেটর দেওয়া অঙ্কের ভিত্তিতে হিসাব করবে। ক্যালকুলেটরে যে হিসাব পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর স্বয়ংক্রিয়ভাবে একটি বিবরণী তৈরি হবে। এতে নতুন মূল বেতন নির্ধারণের ধাপ এবং প্রথম পর্যায়ে প্রাপ্য মূল বেতনের হিসাব দেখানো হবে। ক্যালকুলেটরের বর্ণনা অনুযায়ী, গ্রেড ১০ থেকে ২০-এর ক্ষেত্রে বেতনবৃদ্ধির ৫০ শতাংশ এবং গ্রেড ১ থেকে ৯-এর ক্ষেত্রে ৪০ শতাংশের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে। মাসিক হিসাবের বিবরণীতে প্রাপ্য ও গৃহীত মূল বেতনের পার্থক্য, ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে প্রাপ্য বাড়িভাড়া এবং গৃহীত মূল বেতনের ভিত্তিতে পাওয়া বাড়িভাড়ার সমন্বয় দেখানো হবে। পাশাপাশি বিলুপ্ত বিশেষ সুবিধার ১০ বা ১৫ শতাংশের অঙ্কও হিসাবের মধ্যে সমন্বয় করা হবে। সতর্কতা: ক্যালকুলেটরে পাওয়া বকেয়া ও ভাতার হিসাবকে চূড়ান্ত ধরে নেওয়া উচিত নয়। সরকারি প্রজ্ঞাপন, মূল গেজেট এবং সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনার সঙ্গে তথ্য মিলিয়ে নেওয়ার পরই প্রকৃত পাওনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, দেখুন
নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে
নবম পে-স্কেল ২০২৬ কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা কত টাকা বকেয়া পাবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের। নতুন মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য প্রাসঙ্গিক হিসাব মিলিয়ে সম্ভাব্য বকেয়ার পরিমাণ জানতে ব্যবহার করা যেতে পারে বিশেষ এইচটিএমএল পে-স্কেল বকেয়া ক্যালকুলেটর। এ ক্যালকুলেটরের মাধ্যমে চাকরিজীবীরা নিজেদের বেতনসংক্রান্ত তথ্য দিয়ে নতুন মূল বেতন, মাসিক বেতনের পার্থক্য, বাড়িভাড়ার সমন্বয় এবং নির্দিষ্ট সময়ের সম্ভাব্য বকেয়ার হিসাব বের করতে পারবেন। মোবাইল বা কম্পিউটারে ফাইলটি খুলে ইন্টারনেট সংযোগ ছাড়াই এটি ব্যবহার করা যাবে। ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম ১. ব্যক্তিগত তথ্য পূরণ করুন প্রথমে ক্যালকুলেটরের নির্ধারিত ঘরে নিজের নাম, পদবি ও অফিসের নাম লিখুন। এ তথ্যগুলো ঐচ্ছিক। এগুলো ফাঁকা রাখলেও বকেয়ার হিসাবের ওপর কোনো প্রভাব পড়বে না। ২. গ্রেড নির্বাচন করুন ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুনে আপনার জন্য প্রযোজ্য গ্রেড নির্বাচন করুন। ৩. পুরোনো মূল বেতন লিখুন পে-স্লিপ দেখে ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতনের পরিমাণ দিন। তালিকায় বেতনের অঙ্ক না থাকলে ‘অন্য অঙ্ক লিখব’ অপশন নির্বাচন করে নিজেই লিখতে পারবেন। ৪. ১ জুলাইয়ের মূল বেতন দিন ১ জুলাই ২০২৬ তারিখে বার্ষিক বেতনবৃদ্ধিসহ পুরোনো বেতন স্কেলে নির্ধারিত মূল বেতনের পরিমাণ লিখুন। ৫. কর্মস্থল নির্বাচন করুন আপনার কর্মস্থল নির্বাচন করলে বাড়িভাড়ার হার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। প্রয়োজনে পে-স্লিপের তথ্য অনুযায়ী তা সংশোধন করতে পারবেন। ৬. বকেয়ার মাস নির্ধারণ করুন কত মাসের বকেয়া হিসাব করতে চান, তা নির্বাচন করুন। সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের হিসাব প্রাথমিকভাবে নির্ধারিত থাকে। প্রয়োজন অনুযায়ী এক থেকে ছয় মাস পর্যন্ত সময়সীমা পরিবর্তন করা যায়। ৭. ইনক্রিমেন্টের তথ্য যাচাই করুন ক্যালকুলেটরের নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ পর্যন্ত চাকরির মেয়াদ ছয় মাস পূর্ণ না হলে ইনক্রিমেন্টের টিক চিহ্নটি তুলে দিন। ৮. ঐচ্ছিক তথ্য সংশোধন করুন পে-স্লিপে উল্লেখিত বাড়িভাড়া বা বিশেষ সুবিধার অঙ্ক ক্যালকুলেটরের হিসাবের সঙ্গে ভিন্ন হলে প্রকৃত অঙ্কটি বসাতে পারবেন। আইবাস++ বা সরকারি গেজেট থেকে নতুন মূল বেতনের পরিমাণ জানা থাকলে সেটিও নির্ধারিত ঘরে দিয়ে হিসাব যাচাই করতে পারবেন। ক্যালকুলেটরে যেসব হিসাব দেখা যাবে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য বকেয়ার বিবরণী তৈরি করবে। এতে দেখা যাবে— ১. নতুন মূল বেতনের হিসাব। ২. পুরোনো ও নতুন বেতনের মাসিক পার্থক্য। ৩. বাড়িভাড়ার সমন্বয়। ৪. বিশেষ সুবিধাসংক্রান্ত হিসাব। ৫. মাসভিত্তিক বকেয়া এবং সব মিলিয়ে মোট সম্ভাব্য বকেয়া। ক্যালকুলেটরের নির্দেশনা অনুযায়ী, গ্রেড ১০ থেকে ২০-এর ক্ষেত্রে ৫০ শতাংশ এবং গ্রেড ১ থেকে ৯-এর ক্ষেত্রে ৪০ শতাংশ বৃদ্ধির ভিত্তিতে নতুন মূল বেতনের প্রাথমিক হিসাব দেখানো হবে। এ ছাড়া বিলুপ্ত বিশেষ সুবিধা ১০ বা ১৫ শতাংশ বাদ দিয়ে হিসাব সমন্বয়ের ব্যবস্থাও রয়েছে। তবে এসব হার ও হিসাবের পদ্ধতি চূড়ান্ত সরকারি বেতন নির্ধারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা সংশ্লিষ্ট গেজেট ও সরকারি নির্দেশনার সঙ্গে মিলিয়ে যাচাই করা জরুরি। বকেয়ার হিসাব প্রিন্ট বা পিডিএফ করবেন যেভাবে ১. হিসাব সম্পন্ন হওয়ার পর ‘বিবরণী প্রিন্ট করুন’ বোতামে ক্লিক করুন। ২. প্রিন্ট অপশন থেকে এ৪ আকারের কাগজে বিবরণী প্রিন্ট করুন। ৩. পিডিএফ হিসেবে সংরক্ষণ করতে চাইলে প্রিন্ট অপশনে ‘Save as PDF’ নির্বাচন করুন।
মশিউর অর্ণব
আরও পড়ুন
পূজায় পোশাক কারখানা বন্ধের বিষয়ে জানা গেল নতুন ঘোষণা
বাটেক্সপো ২০২৬-এ টেকসই পোশাকশিল্পে অবদানের স্বীকৃতিতে ‘টিএসএল অ্যাওয়ার্ড’
পোশাক খাতের সবুজ রূপান্তরে বিশ্বব্যাংকের সহায়তা বাড়ানোর আহ্বান বিজিএমইএর
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিজিএমইএ ও পাকিস্তান হাইকমিশনের বৈঠক
X