
মাদক সমস্যা নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক দূর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো বিবেচনা করে শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীসহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




