
‘নতুন যুগের নতুন প্রাণ, নতুন যুগের আহ্বান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। স্কুলজীবনের গণ্ডি পেরিয়ে কলেজজীবনে পা রাখার প্রথম দিনটি নতুন স্বপ্ন ও প্রত্যাশায় প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ পরিচিতি সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো।
কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন অধ্যক্ষ মি. সুশীল চাকমা। অনুষ্ঠানে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জাকিদুল ইসলাম বাচ্চু ও মোস্তাকিয়া মাহমুদা পারভীন উপস্থিত ছিলেন। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক ড. অমর কান্তি চাকমা এবং স্কুল শাখার সিনিয়র শিক্ষিকা রেলী চাকমা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বক্তব্যের শুরুতেই কলেজজীবনের সূচনায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থায় উচ্চমাধ্যমিক পর্যায় হলো জীবন গড়ার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ পর্যায়ে পড়ালেখার পরিধি যেমন তুলনামূলকভাবে বড়, তেমনি দায়িত্ববোধও অনেক বেশি।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ধারাবাহিক অনুশীলন সাফল্যের অন্যতম চাবিকাঠি। মেধা ও মননে এই বিষয়টি ধারণ করে নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলেই শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।
উচ্ছ্বাস, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের জন্য দিনটি হয়ে ওঠে কলেজজীবনের পথচলার এক স্মরণীয় সূচনা।




