
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন সময়ের অর্গানোগ্রাম অনুযায়ী ‘মিডিয়া অ্যান্ড ফিল্ম স্টাডিজ’ নামের সঙ্গে ‘কমিউনিকেশন’ শব্দটি যুক্ত করা এবং বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি বিভাগের নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় ‘আমাদের দাবি মানতে হবে’, ‘মিডিয়ার সঙ্গে কমিউনিকেশন যুক্ত চাই’, ‘তালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
শিক্ষার্থীদের দাবি, বিভাগের নামের সঙ্গে ‘কমিউনিকেশন’ শব্দটি যুক্ত করার পাশাপাশি বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নিতে হবে।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা সুলতানা কুমকুম বলেন, ‘আমরা বিভাগে কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছি। আমাদের কারিকুলামে কমিউনিকেশনের বিভিন্ন বিষয় রয়েছে। কিন্তু বিভাগের নামের সঙ্গে কমিউনিকেশন না থাকায় পরবর্তী সময়ে চাকরির ক্ষেত্রে এবং সামাজিকভাবে আমরা কমিউনিকেশনের যে সুফল পাওয়ার কথা, তা পাচ্ছি না।’
বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইনজামুল হক ওভি ফকির বলেন, ‘আমরা প্রায় ১৪ মাস ধরে বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ পরিবর্তনের দাবিতে আন্দোলন করছি। কিন্তু এখনো বিভাগের নাম পরিবর্তন করা হয়নি। আমরা এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। যদি বিভাগের নাম পরিবর্তন না হয়, তাহলে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলব।’
তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছি।’
বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহসিন হক সাহ বলেন, ‘আমরা বিগত ১৪ মাস ধরে আন্দোলন করছি। আমাদের বিভাগের নামের সঙ্গে কমিউনিকেশন যুক্ত করতেই হবে। কারণ আমরা একাডেমিক কমিউনিকেশনের একাধিক কোর্স করছি এবং আমাদের পড়াশোনার একটি বড় অংশ কমিউনিকেশনভিত্তিক। কিন্তু বিভাগের নামের সঙ্গে কমিউনিকেশন না থাকায় চাকরির ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া সংশ্লিষ্ট বিভাগগুলো সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগটি কলা অনুষদের অন্তর্ভুক্ত। আমাদের একাডেমিক কাঠামো ও পড়াশোনার ধরন বিবেচনায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়া প্রয়োজন।’
শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান পল বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়টি আমাকে লিখিত আকারে জানিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানাব।’
শিক্ষার্থীদের এই দাবির পরিপ্রেক্ষিতে বিভাগ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এর আগে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ পরিবর্তনের বিষয়ে সর্বসম্মতভাবে সুপারিশ করা হয়।
এরপর গত ৩ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের লক্ষ্যে তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।উক্ত কমিটি বিভাগের নাম হিসেবে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ এবং বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে নেওয়ার অনুমোদন দেওয়ার সুপারিশ করে।
পরবর্তীতে ২৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপিত হয়। পরবর্তী সময়ে বিষয়টি সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে।
সেই প্রেক্ষাপটে আসন্ন সিন্ডিকেট সভাকে সামনে রেখে নিজেদের দাবি স্পষ্ট করতে বিভাগের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা




