
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন।
রোববার সকালে পরিদর্শনকালে মন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধা বাড়ানো, সাধারণ জনগণের সন্তানদের ভর্তি সহজ করা এবং টিউশন ফি কমানোর বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, ‘ব্লু স্কাই’ স্কুলের টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। প্রধানমন্ত্রী তাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সুবিধা কীভাবে বাড়ানো যায়, সাধারণ জনগণের সন্তানদের ভর্তি প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় এবং শিক্ষার ব্যয় কীভাবে কমানো যায়—সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।
তিনি জানান, অটিজমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কারণে একজন শিক্ষককে সর্বোচ্চ পাঁচজনের মতো শিক্ষার্থী নিয়ে কাজ করতে হয়। কোনো কোনো শ্রেণিতে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকও রয়েছেন। ফলে শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় বেশি হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমানে বিমানবাহিনীর কর্মকর্তা ও সাধারণ জনগণের সন্তানদের জন্য টিউশন ফি যথাক্রমে ২৫ হাজার ও ৩০ হাজার টাকা। এ ব্যয় কীভাবে কমিয়ে আনা যায়, তা বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে কীভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে ভবিষ্যতে পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি। বিশেষায়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি সহযোগিতা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
তিনি বলেন, স্কুলটির আধুনিকায়ন এবং বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়নের মাধ্যমে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
পরিদর্শনকালে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।




