
বিশ্বমানের উচ্চশিক্ষা, বৃত্তির সুযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি বিষয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে ‘বিয়ন্ড বর্ডারস: প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর গ্লোবাল এডুকেশন, স্কলারশিপস অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যারিয়ারস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি, বৃত্তি অর্জনের কৌশল এবং আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত ক্যারিয়ার গড়ে তোলার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WUB-এর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার সরকার।
মূল প্রবন্ধে ড. স্বপন কুমার সরকার বিশ্বমানের শিক্ষা গ্রহণ, আন্তর্জাতিক বৃত্তির সুযোগ কাজে লাগানো এবং বৈশ্বিক পরিসরে শিক্ষাজীবন ও পেশাজীবন গড়ে তুলতে শিক্ষার্থীদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একাডেমিক প্রস্তুতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে পর্যাপ্ত ধারণা অর্জনের ওপর গুরুত্ব দেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মূল বক্তার সঙ্গে সরাসরি আলোচনা করেন। এ সময় তারা বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তির সুযোগ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা নেন।
আয়োজকরা জানান, দেশের সীমানা পেরিয়ে শিক্ষা ও পেশাগত সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। WUB-এর ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।




