
‘শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মাধ্যমথ— এমন প্রত্যয়ের মধ্য দিয়ে ডুমুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্যদেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আইউব হোসাইন, হাসনা খানম ঝর্ণা, জিনা মণ্ডল, নরেশ চন্দ্র গোলদার, অধ্যক্ষ সৌমেন মণ্ডল ও এসএম হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার মূলভিত্তি হচ্ছে শ্রেণিকক্ষ। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাইভেট টিউশনের প্রতি অতিনির্ভরশীলতা কমিয়ে শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে হবে। একজন শিক্ষকের প্রকৃত সাফল্য শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধের বিকাশে প্রতিফলিত হয়।
বক্তারা আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের চর্চায় কিছুটা ভাটা পড়েছে। এ বাস্তবতায় শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তুলতে হবে।




