
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন এই অভিনেত্রী। সম্প্রতি মাত্র দুই মাসে ছয় কেজি ওজন কমিয়ে নতুন লুকে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রকাশ করা তার কয়েকটি ছবি ইতোমধ্যে ভক্তদের মাঝে তৈরি করেছে কৌতূহল। নতুন লুকে দীঘির উপস্থিতিতে যেন সমুদ্রের সৌন্দর্যও পেয়েছে বাড়তি মাত্রা।
সম্প্রতি ওজন কমানো ও নিজের পরিবর্তন নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন দীঘি। তিনি জানান, হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় নিজের কাছেই অস্বস্তি লাগছিল। বিশেষ করে পর্দায় নিজেকে তুলনামূলক বেশি ‘বাল্কি’ মনে হচ্ছিল তার। তাই দেরি না করে শুরু করেন ওজন কমানোর পরিকল্পনা।
দীঘি বলেন, ‘গেল দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নেই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’
ভাতের পরিবর্তে বর্তমানে তার খাবারের তালিকায় রয়েছে সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি এবং তেল ছাড়া ওভেনে রান্না করা চিকেন। নিজের খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’
দীঘি আরও বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’
ওজন কমানোর এই যাত্রায় এখন পর্যন্ত ছয় কেজি কমিয়েছেন দীঘি। তবে এখানেই থামতে চান না তিনি। আরও চার কেজি ওজন কমিয়ে নিজেকে আরও ফিট ও স্বাচ্ছন্দ্যবোধ করতে চান এই অভিনেত্রী।
প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
দীঘি বর্তমানে ‘ফেরা’ শিরোনামে নতুন এক ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন। আরটিভির প্রযোজনায় দ্রুতই শুটিং শুরু হবে। এই ফিল্মে তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায় দীঘির নায়ক ইয়াশ রোহান।




