
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেন না। অভিনয়জীবন ও কাজের বাইরে ব্যক্তিগত বিষয় বরাবরই অনেকটা আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে নিজের অতীতের প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলে চমকে দিয়েছেন উপস্থিত দর্শকদের।
লন্ডনে এসকেটি ওয়েলফেয়ারের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন সাবা কামার। সেখানে দর্শকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতার একপর্যায়ে উঠে আসে তার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ।
কথোপকথনের সময় হঠাৎ করেই নিজের অতীতের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের এমন একটি অধ্যায় নিয়ে সাবার খোলামেলা বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে তৈরি হয় বিস্ময় ও কৌতূহল।
সাবা সাধারণত গণমাধ্যমের সামনে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা এড়িয়ে চলেন। তাই অনুষ্ঠানে তার এমন ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা উপস্থিত দর্শকদের কাছে ছিল কিছুটা অপ্রত্যাশিত। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সাবা জানান, প্রায় তিন থেকে চার বছর আগে এক সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে এখন সেই ব্যক্তি বিবাহিত। বিষয়টি মনে হলে তার কাছেও কিছুটা অদ্ভুত লাগে বলে জানান অভিনেত্রী।
তবে এখানেই তৈরি হয়েছে রহস্য। সাবা সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি। শুধু জানিয়েছেন, তিনি টেলিভিশন নাটকের অভিনেতা নন, চলচ্চিত্রে অভিনয় করেন। একই সঙ্গে সাবার মনে হয়েছে, হয়ত মানুষটির চেয়ে তার অভিনয় করা চরিত্রের প্রতিই বেশি আকৃষ্ট হয়েছিলেন তিনি।
নিজের মুখেই এমন কথা বলার পর বিষয়টি নিয়ে মজা করতেও দেখা যায় সাবাকে। তিনি বলেন, ‘আরে ধুর! আমি তো হাতে গোনা কয়েকটি সিনেমায় কাজ করেছি!’
এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মজা করে গুগলে সাবার সিনেমার তালিকা খুঁজে দেখার কথা বলেন। কিন্তু সাবা হেসে তাকে থামিয়ে দেন। বিষয়টি নিয়ে আর বেশি খোঁজাখুঁজি না করার অনুরোধ জানান তিনি।
সাবার এই স্বীকারোক্তির পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল শেষ পর্যন্ত কে সেই চলচ্চিত্র অভিনেতা, যার প্রেমে একসময় পড়েছিলেন সাবা কামার? তবে রহস্যের উত্তর নিজেই প্রকাশ করেননি অভিনেত্রী।




