
সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমালেন লেবাননের উদীয়মান সংগীতশিল্পী নাদা দানদাশ। শনিবার ঘটেছে এ দুর্ঘটনা। দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নাদা দানদাশের মৃত্যুতে তার নিজ শহর হারমেল এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমেছে। সোশ্যাল মিডিয়ায় তার শ্রোতারা তার কানসার্ট, টেলিভিশন অনুষ্ঠান এবং বিভিন্ন গানের দৃশ্য প্রকাশ ও শেয়ার করছেন।
সাম্প্রতিক বছরগুলো আবেগময় ঐতিহ্যবাহী আরবী সংগীত ‘তারাব’ এবং আধুনিক পপ সংগীতের সমন্বয়ে নিজস্ব এক বৈচিত্রময় সংগীতধারা গড়ে তুলেছিলেন নাদা দানদাশ। তিনি শ্রোতামহলে ‘অরন্টেস’স ডটার’ নামেও পরিচিত ছিলেন।
ডাকনামটি লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের প্রতি তার গভীর আবেগ ও ভালোবাসার পরিচয় বহন করে। কারণ, এই শহর দিয়েই অরন্টেস নদী (আরবিতে আসসি) প্রবাহিত হয়েছে। এখানেই তিনি বড় হয়েছেন। তাই এলাকার প্রতি প্রায়ই গর্বের কথা ব্যক্ত করতেন এ গায়িকা।
২০২৪ সালের মে মাসে এলবিসি চ্যানেলে কার্লা হাদ্দাদ উপস্থাপিত ‘আল মাসরাহ’ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি লাভ করেন নাদা দানদাশ। অনুষ্ঠানটিতে প্রয়াত লেবানিজ গায়ক নিহাত তারাবে’র গাওয়া বিখ্যাত গান ‘মাশওয়ার আল হায়াত’ পরিবেশন করেছিলেন তিনি।




