
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাঘিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সোমবার আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেহরদাদ আখলাঘি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম তদারকি করে এই প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবেও কাজ করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের শুরুর দিকে ইরানের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হন। তার মৃত্যুর পর সাময়িকভাবে সামরিক কর্মকর্তাদের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এ পরিস্থিতিতে এবার মেহরদাদ আখলাঘিকে প্রতিরক্ষামন্ত্রী পদে মনোনয়ন দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তবে মনোনয়ন পেলেই তিনি তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারবেন না। ইরানের সংসদে তার নিয়োগ অনুমোদিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন তিনি।




